খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে খুন হওয়া শ্রমিক মাসুদের হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল সন্ধ্যায় খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজারের সামনে মাসুদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান। বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়ন প্রতিবাদ সভাটির আয়োজন করে। শিক্ষা উপমন্ত্রী বলেন, আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে প্রশাসনের সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো- এই ঘটনায় দায়ী ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দেখতে চাই। এই খাতুনগঞ্জে দীর্ঘ সময় ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করে এই হত্যাকাণ্ড আমাদের উদ্বেগ বাড়িয়েছে। এই কথা বলতে চাই- এই লোডিং-আনলোডিং শ্রমিকরা রাতদিন পরিশ্রম করে সারা দেশের অর্থনীতির চাকা চলমান রেখেছেন। সেখানে কেউ সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, চাঁদাবাজি করবে, এটি আমরা বরদাস্ত করবো না।
তিনি আরো বলেন, আমাদের কাছে অভিযোগ আছে-এখানে জনি নামের এক ছেলে নিজেকে প্রশাসনের সোর্স পরিচয় দেয়। এখানে যারা কোতোয়ালী থানা এবং এই অঞ্চলের পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন আমি তাদেরকে বলবো-এই জনি নামের ছেলেটি আসলে কার সোর্স। সে কি আপনাদের সোর্স, নাকি আমার সোর্স, কি নামে সে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে, এটা দেখতে হবে। এখন শুধুমাত্র শ্রমিক মাসুদকে যে ছুরিকাঘাত করছে তাকে ধরলে হবে না, তাকে যারা আশ্রয় দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। আমাদের শ্রমজীবী মানুষ অনেক কষ্ট করে টাকা রোজগার করবে, সেখান থেকে কেউ হুমকি ধমকি দিয়ে চাঁদা নিবে সেটি হতে দেয়া যাবে না।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে নওফেল বলেন, আপনারা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা শ্রমিকদের সঙ্গে কাজ করছেন। আপনারা অবশ্যই তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিবেন। যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিকে সঠিকভাবে চালাচ্ছে তাদের সুখে দুখে আপনাদের পাশে থাকতে হবে। শ্রমিকেরা যদি ব্যবসায়ীদের পণ্য লোডিং আনলোডিং না করেন, তবে কিন্তু আর ব্যবসা হবে না। একটা কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন-আমাদের শ্রমিক, আমরা ব্যবসায়ী সবাই ভালো থাকতে হবে। তারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। শ্রমিকরা অর্ধাহারে থাকবে, অনাহারে থাকবে আর আমরা গাড়ি ঘোড়াতে চড়বো সেটা হয় না।
বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৩৫ নং বঙিরহাট ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হক, জাতীয় শ্রমিক লীগ সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবু, চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও কোরবানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, শ্রমিক নেতা সাবের আহমদ, সমীরুল ইসলাম তুহিন, নাছির উদ্দিন, লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের নেতা মো. সিরাজ, মো. বাবুল, আবদুল কাদের, অলি আহমদ, মো. কালাম প্রমুখ।












