শাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইসিএওর নিরাপত্তা অডিট

চার সদস্যের আন্তর্জাতিক অডিট দল চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) তত্ত্বাবধানে নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আইসিএওর চার সদস্যের একটি অডিট দল গতকাল রোববার চট্টগ্রামে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–৬১৫ ফ্লাইটে অডিট দলের সদস্যরা বিকাল ৩টা নাগাদ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।

আইসিএওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউসিএপি–সিএমএ) আওতায় এই অডিট পরিচালিত হবে। চার সদস্যের অডিট দলে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আগামী ৪ নভেম্বর পর্যন্ত চার দিন এই নিরাপত্তা অডিট কার্যক্রম চলবে। শাহ আমানত বিমানবন্দরে আইসিএওর তত্ত্বাবধানে এটিই প্রথম নিরাপত্তা অডিট। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ থেকে সহিংসতা, লুটপাট
পরবর্তী নিবন্ধসাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে