মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ফজল কাদের (৫৫) নামের এক লবণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে মাতারবাড়ীর কয়লা বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন ১০০ ফিট নামক নতুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজল কাদের মাতারবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লবণ শ্রমিকদের বরাতে জানা যায়, ঘটনার সময় ফজল কাদের সড়কের এক পাশ থেকে অন্য পাশে কাঁধে ভার বহন করে লবণ পার করছিলেন। রাস্তার উপর দিয়ে লবণ পরিবহনের কারণে লবণের পানি পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। একপর্যায়ে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
পরে উপস্থিত লবণ শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পথেই মৈজ্জারটেক এলাকায় রাত বারোটা তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।









