ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন সাইফুদ্দিন। মৃত্যুর সাথে ২০ দিন লড়াই করার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রাঙ্গুনিয়ার ছাত্রদল নেতা মুহাম্মদ সাইফুদ্দিন (২৬)। গতকাল সোমবার সকাল ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত সাইফুদ্দিন রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ–সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর মাতব্বর বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় রাজানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ দিন আগে রাজানগরের হালিমপুর দরবানির বাড়ি এলাকায় ঝড়ে একটি বড় গাছ একটি বসতঘরের ওপর ভেঙে পড়ে। এলাকাবাসীর সাথে সাইফুদ্দিনও স্বেচ্ছায় গাছ কাটা ও সরানোর কাজে অংশ নেন। গাছ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ভারী অংশ সরাসরি তার মাথায় এসে আঘাত করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত রোববার তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গতকাল সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনসাধারণ।











