নগরের কাজীর দেউড়িতে এক যুবককে জিম্মি ও বিবস্ত্র করে ছবি তুলে টাকা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হলেন কাজীর দেউড়ী ২ নম্বর গলির মোবারক হোসেন (২৬) ও আগ্রাবাদ চারিয়া পাড়া মাজার গলির বাসিন্দা নুসরাত ফারিয়া (২০)। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। মোবারকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার দায়ে ৫টি মামলা রয়েছে।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই বন্ধুদের সঙ্গে দেখা করতে কাজীর দেউড়ী মোড়ে আসেন মো. আনোয়ার হোসেন নামে এক যুবক। সেখানে চা খাওয়ার সময় তাকে কৌশলে ফাঁদে ফেলেন নুসরাত ফারিয়া। পরে তাকে স্থানীয় রাজ্জাক ভিলায় নিয়ে মোবারকসহ কয়েকজন জিম্মি করে শারীরিকভাবে নির্যাতন চালায়। এ সময় তাকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তুলে এবং ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। জিম্মি অবস্থায় আনোয়ারের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা আদায় করে। পরে রশি দিয়ে হাত বেঁধে গলিতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে গত শনিবার কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মোবারক ও নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্মার্টফোন, আনোয়ারের মোটরসাইকেলের চাবি এবং হাত বাঁধার রশি জব্দ করা করে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, ধৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ‘হানি ট্র্যাপ’–এর মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিল। এই চক্রের অন্য জড়িত আসামিদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর আজাদীকে জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে সোর্পদ করা হয়েছে।










