চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ৭২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৪ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ৫ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৪২৩ জন পুরুষ, ১৮২ জন নারী এবং ১২৩ জন শিশু রয়েছে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৮ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন এবং চলতি জুলাইয়ে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৪৩০ জন।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। ২০২২ সালে আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।












