পূর্ব মাদারবাড়িতে শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৪:৪২ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় ১০ বছরের শিশু ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার কাদের সর্দার বাড়ির বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্রাইব্যুনালের পিপি মাহমুদউল আলম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০২২ সালের ২ জুলাই পূর্ব মাদারবাড়ির সাহেবপাড়া এলাকায় চতুর্থ শ্রেণী পড়ুয়া ১০ বছরের ওই শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। শিশুটির পিতা একটি জুতার কারখানায় এবং মা একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঘটনার দিন তারা কর্মস্থলে গেলে দণ্ডপ্রাপ্ত আসামি শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা সদরঘাট থানায় মো. আকতার সর্দারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর চার্জশিট দাখিল করা হলে পরের বছর তথা ২০২৪ সালের ১৫ এপ্রিল চার্জগঠনের মাধ্যমে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসাঙ্গু নদীতে নিখোঁজের দুইদিন পর পর্যটকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহানি ট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ২