হাটহাজারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে রিপন ত্রিপুরা (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাহবুব মাস্টারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপন ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা গ্রামে। তিনি প্রভা ত্রিপুরার ছেলে।

থানা ও স্থানীয় সূত্র জানায়, রিপন ত্রিপুরা দীর্ঘদিন ধরে ধলই ইউনিয়নের মনিয়াপুকুরপাড় এলাকার একটি চা দোকানে চাকরি করতেন। কর্মস্থলের সুবাদে তিনি মাহবুব মাস্টারের বাড়িতে হাবিবুর রশিদের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রতিদিনের মতো রোববার রাতেও কাজ শেষে বাসায় ফেরেন।

সোমবার সকালে বাসার মালিক ভাড়ার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক উত্তম কুমার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধলই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য শফিউল আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ২ দিন পর কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজিপের ইঞ্জিনে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা