হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আলমগীর (৩৮) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার দিবাগত রাতে চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া বাজারের পূর্ব পাশে কুলগাঁও জ্বালাকুমারী কালীমন্দির এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। গোপন সংবাদ ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পায় উপজেলা প্রশাসন। যার প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলীর শিলকবাহা এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র আলমগীরকে অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। একইসাথে পুকুরপাড়ে ফেলে রাখা বালু সরিয়ে নেওয়া এবং পুকুর ভরাটের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার জন্য অভিযুক্তদের কঠোর নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











