সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন সংগীতগুণী প্রদীপ ভট্টাচার্য্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সুরনন্দন। সুর, তাল, লয় ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় দিনভর মুখর ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানের প্রথম পর্বে সুরনন্দনের শতাধিক শিক্ষার্থী একক সংগীত পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা ও সাধনার পরিচয় তুলে ধরে। ক্ষুদে ও নবীন শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকবৃন্দ। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। সুরনন্দনের সভাপতি ও গল্পকার দেবাশিস ভট্টাচার্যের সভাপতিত্বে অতিথিবৃন্দের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই সঙ্গীত সম্মিলনের। উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক নজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. বখতিয়ার উদ্দিন, এসিএল লিংকের নির্বাহী পরিচালক সুনন্দ ভট্টাচার্য্য সাগর, সংগীতশিল্পী লিটন দাশ, প্রতিক ভট্টাচার্য্য এবং সুরনন্দনের সাধারণ সম্পাদক প্রভাষক উজ্জ্বল কান্তি দাশ। বাচিকশিল্পী মো. গোলাম সাদেক ও পাতা দে বৃষ্টির উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সুরনন্দনের পরিচালক শিল্পী ঋক ভট্টাচার্য্যের পরিচালনায় শিক্ষার্থীদের সম্মিলিত শাস্ত্রীয় সংগীত পরিবেশিত হয়। নৃত্যশিল্পী পাপড়ি চক্রবর্তীর পরিচালনায় ক্ষুদে শিক্ষার্থীরা সম্মিলিত শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে। শিল্পী লিটন চৌধুরীর পরিচালনায় বৃন্দ তবলাবাদন পরিবেশিত হয়।
শেষ পর্বে সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগীতশিল্পী লিটন দাশ, সুজন দাশ, ঋক ভট্টাচার্য্য, দীপঙ্কর চক্রবর্তী দীপ্ত এবং সাঈম হাসান সানী। তবলায় সঙ্গত করেন তবলাশিল্পী সানি দে, লিটন চৌধুরী, প্রতিক চৌধুরী ও প্রীতম নাথ। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।











