তীব্র রোদ আর মাটির অসমতল চড়াই–উতরাই রাস্তা। চারপাশের চেনা জগৎটা যেন হঠাৎ করেই বদলে গেছে। এর মাঝেই এক অজানা উদ্দেশ্যে, এক বুক ব্যাকুলতা নিয়ে কাউকে হন্যে হয়ে খুঁজছেন একজন শহুরে তরুণী। তিনি আসলে কাকে খুঁজছেন সেই রহস্যের এক দারুণ আবহ তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’–এর ট্রেলারে। আর এই অনন্যা চরিত্রেই রহস্যময়ী রূপে ধরা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। মিমের অন্বেষণের পথে তাঁর ছায়াসঙ্গী ও সহযোগী হিসেবে দেখা গেছে অভিনেতা রিজওয়ান পারভেজকে। ছবিতে তাঁর চরিত্রের নাম কোরবান। ট্রেলারে দেখা যায়, গ্রামীণ ক্ষেতের সরু আইল আর ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইকে করে মিমকে বিভিন্ন দুর্গম এলাকায় নিয়ে যাচ্ছেন তিনি, যার পেছনে জড়িয়ে আছে এক গভীর দায়িত্ববোধ আর ভালোবাসার গল্প। কঠিন সেই শুটিংয়ের অভিজ্ঞতা ও নিজের চরিত্র প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, একে তো মাটির উঁচু–নিচু রাস্তা, তার ওপর প্রচণ্ড গরম। একটা–দুইটা দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত। নির্মাতা জানান, ‘আধুনিক বাংলা হোটেল’–এর পর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের কিছু করার তাড়না থেকেই প্রজেক্টের জন্ম। তবে ছবির নাম কেন ‘লাইফলাইন’ রাখা হলো, সেই রহস্য এখনই ফাঁস করতে চান না পরিচালক। আগামী ২১ জুন পর্দায় মুক্তি পেতে যাচ্ছে লাইফলাইন। গত ১০ জুন রাতে ছবিটির ট্রেলার প্রকাশ পায়। এতে মিম ও রিজওয়ান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা।










