সড়কে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসনে চসিকের উদ্যোগ, চার সদস্যের কমিটি

বিদ্যুতের খুঁটি ও সোলার প্যানেল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

নগরের বিভিন্ন সড়কে বিদ্যুতের খুঁটি ও সোলার প্যানেলের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা নিরসনে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে সরেজমিন ওয়ার্ড ভিত্তিক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী খুঁটিগুলোর তালিকা প্রস্তুত ও প্রতিবন্ধতা নিরসনে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নিদের্শনা দেয়া হয়।

জানা গেছে, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে (পরিকল্পনা ও ডিজাইন) আহ্বায়ক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে (বিদ্যুৎ) কমিটির সদস্য সচিব করা হয়। এছাড়া সকল নির্বাহী প্রকৌশলীকে (পুর ও বিদ্যুৎ) সদস্য করা হয়। চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন তিনি।

এদিকে কমিটির জন্য চারটি কার্যপরিধি নির্ধারণ করা হয়। অফিস আদেশে বলা হয়কমিটি ওয়ার্ড ভিত্তিক সরজমিন পরিদর্শনপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিদ্যুতের খুঁটি অথবা সোলার প্যানেলের খুঁটির তালিকা প্রণয়ন করবেন। প্রতিবন্ধকতা নিরসনে করণীয় প্রস্তাব বা প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন। কমিটি সংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলী সম্পাদন করবেন। এবং পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘এলইডি বাতির পোল ব্লক বসছে রাস্তার সাবড্রেনে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে কমিটি গঠন করে চসিক।

চসিক সূত্রে জানা গেছে, লোকাল গভর্মেন্ট কোভিড১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় ১২ কোটি ১৪ লাখ টাকায় নগরের ১১ দশমিক ৮ কিলোমিটার সড়কে এলইডি বাতি স্থাপন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ৪৭৮ পোলে সমসংখ্যক এলইডি বাতি স্থাপন করা হবে। ইতোমধ্যে জামালখান সড়কসহ কয়েক জায়গায় বিদ্যুতের পোল বসানোর জন্য ব্লক স্থাপন করা হয়। অনেক জায়গায় ব্লক’গুলো বসানো হচ্ছে রাস্তার পাশে থাকা ছোট ছোট নালা ও সাবড্রেনের উপর। আবার কোথাও মূল সড়ক এসব ব্লক উঠে আসায় ড্রেনেজ এবং সড়ক ব্যবস্থাপনা দুটিই প্রশ্নের মুখে পড়ছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু