দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দরে সোনা বিক্রি হচ্ছে। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।
এর আগে টানা চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ১০ হাজার ৪৩৯ টাকা কমানোর পর গত ২৮ অক্টোবর ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। পরদিন ২৯ অক্টোবর আরও ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়। তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। দুই দিনে দাম বেড়েছিল ৩ হাজার ৮৪৯ টাকা। এরপর ৩০ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা এবং ৩১ অক্টোবর ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। দুই দফায় দাম কমেছিল ৭ হাজার ১১৫ টাকা। খবর বিডিনিউজের।
তার আগে দুই সপ্তাহে চার দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়েছিল বাজুস। এর মধ্যে ১৩ অক্টোবর ৩ হাজার ২৬৬ টাকা, ২২ অক্টোবর ১ হাজার ৬৯১ টাকা, ২৩ অক্টোবর ২ হাজার ১৫৮ টাকা এবং ২৫ অক্টোবর ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। এরও আগে ৯ অক্টোবর এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এরপর থেকে কয়েক দফা দাম বাড়ানো ও কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।
নতুন দর কত : বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৯৩৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্ববাজারেও বেড়েছে : চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম একপর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্সের দাম ছিল ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট। বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সামপ্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত শুক্রবার স্পট মার্কেটে সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিনের বড় দরপতনের পর সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯০৩ ডলার ৯০ সেন্টে ওঠে। সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টায় বিশ্ববাজারের স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯০৬ ডলার ৮১ সেন্ট। ৩১ অক্টোবর দেশের বাজারে যখন সোনার দাম কমানো হয়েছিল, তখন স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৮৭৫ ডলার ৫৩ সেন্ট।
রুপার দাম অপরিবর্তিত : সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।












