স্বপ্ন নিয়ে দুবাই গিয়েছিলেন লোকমান, ফিরছেন কফিনে

কর্মস্থলে ফেরার কয়েক দিনের মাথায় মৃত্যু, পরিবার জানতে পারে পরে

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

জীবিকার তাগিদে ২০০৫ সালে ফটিকছড়ি থেকে দুবাইয়ে পাড়ি জমান লোকমান হোসেন। দীর্ঘ ২১ বছরের প্রবাসজীবনে পরিবার ও দেশের জন্য নিরলস পরিশ্রম করেছেন তিনি। মাত্র তিন মাস আগে দেশে এসেছিলেন পরিবারের টানে। কিন্তু আবার দুবাইয়ে ফেরার কয়েক দিনের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন ৪৪ বছর বয়সী এই প্রবাসী।

দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক জানান, গত ৯ এপ্রিল দুবাইয়ে ফিরে নতুন করে কাজে যোগ দেন লোকমান হোসেন। এর দুই দিন পর ১১ এপ্রিল দুবাইয়ের রিগ্‌গা রোডে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।

দীর্ঘ প্রবাসজীবনে লোকমান হোসেন শুধু রেমিট্যান্সযোদ্ধা হিসেবেই পরিচিত ছিলেন না; দুবাই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও প্রবাসীদের কাছে পরিচিত মুখ ছিলেন।

শুরুতে তার মৃত্যুর খবর পরিবার জানত না। গত ৫ মে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে স্বজন ও প্রবাসী মহলে শোকের ছায়া নেমে আসে। পরে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা মর্গে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

মরহুম নুরুল ইসলাম ও জাহানারা বেগমের মেজ ছেলে লোকমান হোসেন। চার ভাইয়ের সংসারে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য স্বজন রেখে গেছেন।

দীর্ঘ ২১ বছর প্রবাসে কাটানো এই মানুষের জীবনাবসান হলো বিদেশের মাটিতে। স্বপ্ন নিয়ে যাওয়া মানুষটি এবার ফিরছেন জন্মভূমিতে, তবে কফিনবন্দি হয়ে।

পূর্ববর্তী নিবন্ধমানবপাচার : যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি
পরবর্তী নিবন্ধআত্মগোপনে ১৩ বছর,ফেনীর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার