স্পেনের প্রাপ্তি ৫ কোটি ডলার

অন্যরা যা পাচ্ছে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:০৬ পূর্বাহ্ণ

ফিফা গত ডিসেম্বরেই ঘোষণা করেছিল, রেকর্ড পরিমাণ পারিশ্রমিক থাকছে এবারের বিশ্বকাপে। কাতারের দোহায় বৈঠকে ফিফা কাউন্সিল সিদ্ধান্ত নেন, অংশগ্রহণকারী সদস্য অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বিতরণ করা হবে, যা কাতার গত বিশ্বকাপের চেয়ে ৫০ শতাংশ বেশি। তখনই জানানো হয়েছিল, এই অর্থের সবচেয়ে বড় অংশ, ৬৫ কোটি ৫০ লাখ ডলার থাকছে অংশগ্রহণকারী ৪৮ দলের জন্য পুরস্কার। এটিও গত বিশ্বকাপের চেয়ে ৫০ শতাংশ বেশি। অবশ্য, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হয়েছে এবার। প্রাইজমানি তাই এত বাড়ারই কথা। তখনকার ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে ৫ কোটি ডলার। গত আসরের শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার।

এবারের রানার্স আপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩ কোটি ৩০ লাখ ডলার। গত আসরের রানার্স আপ ফ্রান্সের পুরস্কার ছিল ৩ কোটি ডলার। এছাড়াও মোটা অঙ্কের অর্থযোগ থাকছে সব দলের জন্যই।

এবারের বিশ্বকাপের প্রাইজমানি: চ্যাম্পিয়ন: স্পেন ৫ কোটি মার্কিন ডলার।

রানার্সআপ: আর্জেন্টিনা,৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

তৃতীয় স্থান: ইংল্যান্ড ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

চতুর্থ স্থান: ফ্রান্স ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

কোয়ার্টার ফাইনালে বাদ পড়া চার দল নরওয়ে, বেলজিয়াম, মরক্কো, সুইজারল্যান্ড পাবে ১ কোটি ৯০ লাখ মার্কিন ডলার করে।

শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, কানাডা, মিশর, প্যারাগুয়ে পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার করে।

শেষ বত্রিশ থেকে বাদ পড়া ১৬ দল নেদারল্যান্ডস, জার্মানি, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, সেনেগাল, কেইপ ভার্দে পাবে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার করে।

গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ১৬ দল ইরান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্কটল্যান্ড, উরুগুয়ে, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, কাতার, কুরাসাও, পানামা, জর্ডান, হাইতি, উজবেকিস্তান, তিউনিসিয়া, ইরাক পাবে ৯০ লাখ মার্কিন ডলার করে। এছাড়াও প্রতিটি দলকে প্রস্তুতিমূলক খরচ বাবদ ১ কোটি ৫০ লাখ ডলার করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গত ২০০ প্রতিবন্ধীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন ডিসি
পরবর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গার জয়