ইরান যুদ্ধ নিয়ে আপত্তি তুলে যুক্তরাষ্ট্রের সেনেটে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের (১ লাখ ১৫ হাজার কোটি ডলার) বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল ঠেকিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটিক দলের আইনপ্রণেতারা। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছেন। সেনেটে এক বক্তব্যে ‘না’ ভোট দেওয়ার কথা জানিয়ে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প কোনো অনুমোদন, কোনো কৌশল ছাড়া এবং যুদ্ধ থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা ছাড়াই এই যুদ্ধ শুরু করেছেন। খবর বিডিনিউজের।
মঙ্গলবার ‘ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট’ (এনডিএএ) শীর্ষক এই বিলের পক্ষে ৫০ এবং বিপক্ষে ৪৬ ভোট পড়লেও ১০০ সদস্যের সেনেটে পরবর্তী ধাপে যেতে প্রয়োজনীয় ৬০ ভোট না হওয়ায় এ বিল মুখ থুবড়ে পড়েছে। ভোটে মূলত দলীয় অবস্থানই প্রতিফলিত হয়েছে। রিপাবলিকানদের মধ্যে কেবল সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন বিলটি পুনর্বিবেচনার সুযোগ রাখতে নিয়ম অনুযায়ী ‘না’ ভোট দেন। বাকি সব রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দেন।
গত মাসে মার্কিন সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে বিলটি বিবেচনাধীনে থাকার সময় ডেমোক্র্যাট সদস্যদের ৯ জনই এর বিরোধিতা করেছিলেন। যদিও এনডিএএ সাধারণত দুই দলের সমর্থনেই পাস হয়ে থাকে।
ডেমোক্র্যাটদের উদ্বেগের জায়গটি হলো, এত বড় একটি প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেওয়া হলে সেটিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধে কংগ্রেসের সমর্থন হিসেবেই দেখা হবে।











