সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ

পাশে পাওয়া গেল চিরকুট

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চিরকুট লিখে ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক মসজিদের ইমাম আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। আমিরের বাড়ি বাঁশখালী উপজেলায়, তিনি দুই সন্তানের বাবা। তিনি ১৩ বছর ধরে মসজিদটিতে ইমামতি করে আসছিলেন। বসবাস করতেন মসজিদের দোতলায় একটি কক্ষে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাতে নামাজ পড়ার জন্য ইমামকে মুসল্লিরা খোঁজ করছিলেন। এক পর্যায়ে ওই মসজিদের দ্বিতীয় তলার নিজ কক্ষে ইমামকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলতে দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এসময় লাশের পাশে একটি ডায়েরি দেখতে পেয়ে পুলিশ সেটি খুলে একটি চিরকুট দেখতে পান। তাতে লেখা আছে, ‘কলিজা, এতদিন এত কথা বলছ, হঠাৎ কেন কথা বলা বন্ধ করলে? আমি জানি, তুমি আবার আনাসের সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বন্ধ করেছ। আমার সময় শেষ কলিজা। আমি মরলে তো তোমার কোনো সমস্যা নাই। তোমার কলিজা চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ কলিজা।’ এছাড়া মৃত্যুর আগে তিনি তার ফেসবুকেও একটি স্ট্যাটাসও দেন। সেখানে তিনি লেখেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়’।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতোয়াল্লী মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের সময় ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে মসজিদে নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম কোথাও কাজে গেছেন হয়ত। পরে মুসল্লি ও স্থানীয়রা তাকে খুঁজতে খুঁজতে দ্বিতীয় তলায় গিয়ে জানালা দিয়ে দেখতে পানফ্যানের সাথে তার মরদেহ ঝুলছে। আর নিচে পড়ে আছে একটি মই।

স্থানীয়রা জানান, মসজিদের ইমাম মোহাম্মদ আমির হোসেন বিগত ১৩ বছর যাবত মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। এলাকার প্রতিটি মানুষের সাথে তার সুসম্পর্ক। তিনি খুব ভদ্র ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। তিনি হঠাৎ কেন আত্মহত্যা করতে যাবেন তা তারা বুঝতে পারছেন না।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মসজিদের ইমামের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। কেন তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকগুলোকে নিয়ম মানার নির্দেশনা
পরবর্তী নিবন্ধময়মনসিংহে সিগন্যালের ভুলে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি