বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও উৎসাহ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইনার হুইল ক্লাব অব সি কুইন, ডিস্ট্রিক্ট ৩৪৫, বাংলাদেশ।
এ উপলক্ষে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দা শাহনাজ আলমের নেতৃত্বে ক্লাবের সদস্যরা চট্টগ্রামের আমান বাজারে অবস্থিত আর্ক কমপ্লেক্সের রিহ্যাবিলিটেশন সেন্টার পরিদর্শন করেন। এ সময় তাঁরা সেন্টারে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাঁদের সঙ্গে কথা বলেন এবং জীবনের প্রতিকূলতা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা ও সাহস জোগান। তাঁদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ক্লাবের সদস্যরা ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেন্টারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি সম্ভাবনাময় সম্পদ সৃষ্টির পাশাপাশি সেন্টারের অধিবাসীদের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পোনাগুলো বড় হয়ে পরিণত মাছ হলে তা সেন্টারের বাসিন্দাদের উপকারে আসবে এবং তাঁদের খাদ্যচাহিদা পূরণেও সহায়ক হবে বলে আশা করা হয়।
আর্ক কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তাঁদের আন্তরিক সহযোগিতা ও সুন্দর পরিবেশে আয়োজিত এই কর্মসূচি ক্লাবের সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তুষ্টি সৃষ্টি করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট সৈয়দা জিন্নাত আরা নিপুন, সেক্রেটারি শাহেদা সালাম, আইএসও ফেরদৌসী বেগম, মুরশিদা মিলি, কামরুন নাহার মুন্নী এবং ইনার হুইল ক্লাব অব সি কুইনের অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দা শাহনাজ আলম বলেন, মানসিক স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার একটি অবিচ্ছেদ্য অংশ। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা সৃষ্টি, সহমর্মিতা প্রকাশ এবং যাঁরা জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
ভালোবাসা, সম্মান ও উৎসাহ একজন মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। ইনার হুইল ক্লাব অব সি কুইন ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।











