কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর স্টেশনে ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় লাইনচ্যুতির ঘটনা ঘটে বলে জানান লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক। এদিকে রাত পৌনে ১১টার দিকে পৃথক ঘটনায় গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের তিন বগি লাইন থেকে সরে যায়। এ ঘটনায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ রাত ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বন্ধ ছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি আউটার সিগন্যাল এলাকায় যেতেই হঠাৎ পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। অপর বগিগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ময়মনসিংহ স্টেশনের আরএনবির হাবিলদার গোলাম মাওলা বলেন, কম্পিউটার সিস্টেম রিলে ইন্টারলকের ভুলে লাইন ক্লিয়ার না করায় এমন ঘটনা ঘটেছে। খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
এর আগে নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে লাইনে আটকা পড়ে। ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
পরে বিকল্প ইঞ্জিনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে দুর্ঘটনার আড়াই ঘণ্টা পর বুধবার রাতে ১০টায় বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়। এছাড়া আপলাইনে গুনবতী এলাকায় লাইনচ্যুত হওয়া ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের দুর্ঘটনা কবলিত বগি রেখে বাকি ট্রেন চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক। তবে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে দুই লাইনে ট্রেন চলাচল শুরু হবে বলে জানান স্টেশন মাস্টার।











