সীতাকুণ্ডে বিস্ফোরক মামলার ৪ আসামিসহ গ্রেপ্তার ৫

পুলিশের পৃথক অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো. জুয়েল (৩০), মো. ফারুক (২৯), মো. আইনুদ্দিন (৩৬), মো. ফেরদৌস (৫০) এবং মো. শাহজাহান (৫৫)

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. শাহজাহান দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছিল। সে পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ২০টির অধিক মামলা রয়েছে। এছাড়া সে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, চট্টগ্রাম জেলার কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্যের অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আজ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা পরিষদের নিয়োগে বৈষম্যের অভিযোগ সারজিসের