সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে নতুন ধাচের বিশেষ জাহাজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আনা বিশেষ ধরনের একটি জাহাজ বেশ কৌতুহল সৃষ্টি করেছে। একেবারে নতুন ধাচের বিশেষ এই জাহাজটি একটি ইয়ার্ডে বিচিং করা হয়েছে। জাহাজটি কোন সাধারণ কার্গো, ট্যাংকার বা কন্টেনার জাহাজ নয়। এই ধরণের এতো বড় জাহাজ এর আগে আর কখনো শিপ ব্রেকিং ইয়ার্ডে দেখা যায়নি বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এটি একটি হেভি লিফট বা সেমিসাবমার্সিবল ট্রান্সপোর্ট জাহাজ। এটির সামনে ও পেছনে বড় বড় টাওয়ারের মতো কাঠামো থাকলেও মাঝখানটা খোলা ও সমতল ডেক। জাহাজটি পানিতে আংশিক ডুবিয়ে বড় মালামাল ডেকে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এই ধরনের জাহাজ বড় জাহাজ বা সাবমেরিন পরিবহন, অফশোর তেলগ্যাস প্ল্যাটফর্ম বহন, ভাঙা বা ক্ষতিগ্রস্ত জাহাজ উদ্ধার করে ডকে নেয়ার কাজে ব্যবহার করা হয়। এটিকে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার পরিবহন শিপও বলা হয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই জাহাজগুলো নিজের ডেক পানির নিচে নামিয়ে দেয়। তারপর ভারী বস্তু ভাসিয়ে এনে তার ওপর বসানো হয়। পরে পানি বের করে আবার ভেসে উঠে। ডেকের উপর দৈত্যাকৃতির মালামাল নিয়ে এটি দিব্যি সাগর মহাসাগর পাড়ি দিতে পারে। সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজটি কেটে স্ক্র্যাপ করা হবে বলে জানিয়ে সূত্র বলেছে, এটিতে প্রায় ৪৮ হাজার টন লোহা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বীন থেকে দূরত্বের কারণে মুসলিম উম্মাহ আজ দিশেহারা
পরবর্তী নিবন্ধকেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন