সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর পায়ে গুলি করার মামলায় অস্ত্র আইনে শিক্ষকের ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল–১ এর বিচারক জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রফিক সরকার জানান। খবর বিডিনিউজের।
দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। ২০২৪ সালের ৪ মার্চ ঘটনার পর পরই তাকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ। গুলির ঘটনায় সেদিন এমবিবিএস শিক্ষার্থী আরাফাত আমিন তমাল (২২) আহত হয়েছিলেন। ঘটনার পর আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে হত্যাচেষ্টা এবং পুলিশের গোয়েন্দা শাখার এসআই ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। পুলিশের অস্ত্র আইনের মামলার দুটি ধারায় রায় হলেও হত্যাচেষ্টা মামলা চলমান আছে।












