সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির কমিউনিটি ফ্যামিলি ডে

নিজস্ব প্রতিবেদক | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৮:১১ অপরাহ্ণ

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপনের আবহে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়েছিল সমুদ্রতীরবর্তী ইস্ট কোস্ট পার্ক। রোববার (১৬ আগস্ট) সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির (এসবিএস) উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কমিউনিটি ফ্যামিলি ডে ২০২৬’। দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বাংলাদেশি কমিউনিটির সদস্য, তাঁদের পরিবার ছাড়াও অংশ নেন বিভিন্ন দেশের প্রায় এক হাজার অতিথি।

আয়োজনের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’। প্রবাসের মাটিতে চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী এই খাবারের আয়োজন বাংলাদেশি সংস্কৃতি ও রন্ধনশিল্পকে নতুন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরে। দেশি প্রবাসীদের পাশাপাশি বিদেশি অতিথিরাও মেজবানের চমৎকার স্বাদে মেতে ওঠেন।

ফ্যামিলি ডে-র মূল কর্মসূচিতে ছিল পরিবারকেন্দ্রিক হরেক রকমের বিনোদন, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য নানামুখী আয়োজন। শুধু বিনোদনেই সীমাবদ্ধ না থেকে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচিও পরিচালনা করা হয়। এর মাধ্যমে সিঙ্গাপুরের মূলধারার সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক সামাজিক ভূমিকা ও দায়িত্ববোধ সুন্দরভাবে ফুটে ওঠে।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে একটি অলাভজনক সংগঠন হিসেবে সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, পারস্পরিক সাহায্য-সহযোগিতা এবং সামাজিক-সাংস্কৃতিক বিকাশে কাজ করে আসছে এসবিএস। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতেই প্রতিবছর এমন বর্ণাঢ্য প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে যত্রতত্র ‘মুন্না স্যারের’ কোচিং সেন্টারের ব্যানার