চট্টগ্রামে যত্রতত্র ‘মুন্না স্যারের’ কোচিং সেন্টারের ব্যানার

তাৎক্ষণিকভাবে অপসারণ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ১১:০৩ অপরাহ্ণ

নগরে অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যানার ও পোস্টার লাগাবে না বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দিয়েছে ‘এসপায়ারিং বাংলাদেশ’ ও ‘মুন্না স্যার’ নামের দুটি কোচিং সেন্টার। এ সময় প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেয়া হয়।

আজ রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত হয় এ ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন সংস্থাটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) জুবাইদা আক্তার।

চসিক সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যানার ও পোস্টার সাঁটানোর দায়ে ‘এসপায়ারিং বাংলাদেশ’ ও ‘মুন্না স্যার’ নামের কোচিং সেন্টার দুটিকে জরিমানার পাশাপাশি তাদের মাধ্যমেই সাঁটানো অবৈধ ব্যানার ও পোস্টার তাৎক্ষণিকভাবে অপসারণ করানো হয়েছে। এসময় প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না করার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা প্রদান করে বলে চসিকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) জুবাইদা আক্তার জানান, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে অভিযান পরিচালিত হচ্ছে। অনুমতি ব্যতীত যত্রতত্র পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করা সম্পূর্ণ বেআইনি। যারা আইন অমান্য করে শহরের সৌন্দর্যহানি ঘটাবে, তাদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির কমিউনিটি ফ্যামিলি ডে