সিঙ্গাপুর রেড ক্রসের সহযোগিতায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। আজ রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলছে।
কর্মসূচিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি সিঙ্গাপুরের শুভাকাঙ্ক্ষীরাও অংশ নেন। সমাজের প্রতি দায়িত্ববোধ ও ঐক্যের চেতনায় তাঁরা একত্রিত হন। আয়োজকদের মতে, এই উদ্যোগ সহমর্মিতা, সংহতি ও পারস্পরিক সহযোগিতার সেই মূল্যবোধকে তুলে ধরে, যা সিঙ্গাপুর ও বাংলাদেশ উভয় দেশের মধ্যেই বিদ্যমান।

শতাধিক রক্তদাতা এই মহৎ উদ্যোগে অংশ নিয়ে রক্তদান করেছেন, যা মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে এসবিএসের নেতৃবৃন্দ সব স্বেচ্ছাসেবক ও রক্তদাতাকে কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, এ ধরনের অর্থবহ উদ্যোগ মানবতা ও ঐক্যের চেতনাকে আরও দৃঢ় করে।
সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি সমাজসেবা ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। সংগঠনটির এই কার্যক্রম একটি সহানুভূতিশীল ও ঐক্যবদ্ধ সিঙ্গাপুর গড়ার যৌথ স্বপ্নকে প্রতিফলিত করে।













