সিআরবিতে হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন কাল

রেলমন্ত্রী চট্টগ্রাম আসছেন আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি এলাকায় ৫শ’ শয্যার বিশেষায়িত হাসপাতাল ও ১শ আসনের মেডিকেল কলেজ নির্মাণের জন্য রেলওয়ের প্রস্তাবিত জায়গা আগামীকাল সরেজমিন পরিদর্শন করবেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এসময় তাঁর সাথে থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক(ডিজি) মো. আফজাল হোসেন।

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান রুমির সই করা মন্ত্রীর সফরসূচিতে উল্লেখ করা হয়েছে আজ ১৮ থেকে আগামী ২১ এপ্রিল মন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে সফর করবেন। অন্যান্য সফরের পাশাপাশি আগামীকাল ১৯ এপ্রিল বিকেল ৪টায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সিআরবি সংলগ্ন প্রস্তাবিত হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণে রেলওয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন।

এদিকে ১৯ এপ্রিল রোববার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রামে আসবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক(ডিজি) মো. আফজাল হোসেন। তারা দুপুর সাড়ে ১২টায় সিআরবি রেলওয়ের ভিআইপি রেস্ট হাউজে উপস্থিত হবেন। সেখান থেকে বিকাল ৪টায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে সিআরবি সংলগ্ন ৫০০ বেডের বিশেষায়িত হাসপাতাল এবং ১০০ সিটের মেডিকেল কলেজ প্রকল্পের জন্য রেলওয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. শামীমুর রহমান এবং মহাপরিচালকের একান্ত সচিব মো. নাসির উদ্দিনের সই করা সফরসূচিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিগত সরকারের সময়ে একই জায়গায় একই প্রতিষ্ঠানকে ৫০০ বেডের বিশেষায়িত হাসপাতাল, ১০০ আসনের মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার পর ২০২১ সালের জুলাই মাসে সিআরবির পরিবেশ রক্ষার দাবিতে এবং সিআরবিকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে চট্টগ্রামের নানান শ্রেণি পেশার মানুষপরিবেশবিদদের নিয়ে চট্টগ্রামের নাগরিক সমাজ ও সিআরবি রক্ষা মঞ্চের ব্যানারে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে। দীর্ঘ আন্দোলনের ফলে এক পর্যায়ে সরকার বাধ্য হয়ে সিআরবির ওই স্থানে হাসপাতাল নির্মাণের প্রকল্প স্থগিত করার ঘোষণা দেয়।

প্রায় সাড়ে ৪ বছর পর আবার সিআরবির সেই একই স্থানে হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগের ঘোষণায় চট্টগ্রামের নাগরিক সমাজ, পরিবেশবিদরা এর প্রতিবাদ জানিয়েছেন।

মন্ত্রীর চট্টগ্রাম সফরসূচি : সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম আজ শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হবেন। সকাল ১১টায় তিনি ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট চট্টগ্রামের ২৮ তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। পরদিন ১৯ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ এবং বন্দরের বিভিন্ন কার্যক্রমের উপর ব্রিফিংয়ে অংশ নেবেন। ১১টায় বন্দর অপারেশনাল এলাকা পরিদর্শন এবং স্টেক হোল্ডার ও কাস্টমস কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৪টায় সিআরবি সংলগ্ন এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণে রেলওয়ের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন। বিকাল ৫টায় চট্টগ্রাম থেকে সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন। সোমবার বান্দরবানে দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচি শেষে মঙ্গলবার সকাল ৮টায় সড়ক পথে থানচি পোয়ামুহূরী সীমান্ত সড়ক পরির্দশন করবেন। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় কঙবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় বিমানযোগে মন্ত্রী ঢাকায় উদ্দেশ্যে যাত্রা করবেন।

পূর্ববর্তী নিবন্ধএমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালির দিকে
পরবর্তী নিবন্ধসিআরবিতে আবার হাসপাতাল নির্মাণের চেষ্টা হলে আইনি পদক্ষেপ : বিএইচআরএফ