মধ্যপ্রাচ্যের সামপ্রতিক উত্তেজনা প্রশমনের পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা করা হলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ আবারও গন্তব্যপথে অগ্রসর হয়েছে। গতরাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের বহির্নোঙর থেকে জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক দৈনিক আজাদীকে জানান, জাহাজটি বর্তমানে প্রণালি থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। প্রয়োজনীয় চূড়ান্ত অনুমতি পাওয়া গেলে রাতের মধ্যেই প্রণালি অতিক্রমের আশা করা হচ্ছে।
জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জানান, নোঙর তুলে নির্ধারিত পথে অগ্রসর হচ্ছে ‘বাংলার জয়যাত্রা’। সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই হরমুজ প্রণালি পার হওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ৩৭ হাজার টন সার বোঝাই জাহাজটির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দর। জাহাজে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক দায়িত্ব পালন করছেন। এর আগে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার যাত্রা ব্যাহত হয় জাহাজটির। ৮ এপ্রিল সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে এটি যাত্রা শুরু করেও অনুমতি না পাওয়ায় প্রণালি পার হতে পারেনি। এমনকি এরও আগে জেবেল আলী বন্দর থেকে রওনা দিলে নিরাপত্তা ঝুঁকির কারণে আমিরাতের কোস্ট গার্ডের পরামর্শে জাহাজটিকে ফিরে যেতে হয়।
উল্লেখ্য, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সময় ‘বাংলার জয়যাত্রা’ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে অবস্থানকালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে ছিল। এতে করে জাহাজের নাবিকরা দীর্ঘদিন অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে সময় কাটান। গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশের পর থেকে জাহাজটি বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আন্তর্জাতিক গন্তব্যে পৌঁছানোর আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














