রাঙামাটির বাঘাইছড়িতে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে ২ পর্যটক আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাজেক সড়কের মাচালং বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোটর সাইকেল আরোহী মো. জামিল (২২) ও মোরশেদ কবির শোভন (২৪)। তাদের গ্রামের বাড়ি বরিশাল শহরে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো ল ২০-০৭০২ নম্বরের একটি মোটর সাইকেল সাজেকের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী চট্টমেট্রো ১১-৫১৮৫ নম্বরের একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই বেপরোয়া গতিতে চলছিল বলে জানান স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে হেলিকপ্টার যোগে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।













