রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেছে। প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের মধ্যে ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন। ওসি জানান, সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা খবর পেয়েছি। তবে ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একদম দুর্গম এলাকায়। দুইপক্ষের মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটলেও তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পিসিজেএসএস কেন্দ্রীয় সহ–তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, কোনো গোলাগুলির খবর আমি এখনো পাইনি। জেএসএস এসব গোলাগুলিতে থাকার প্রশ্ন আসে না। তবে ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি সাজেকের কিছু কিছু এলাকায় ইউপিডিএফ সশস্ত্র মহড়া চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। তিনি বলেন, স্থানীয়দের ধারণা–জনগণের উপর চাপ সৃষ্টি এবং চুক্তির পক্ষের লোকদের উপর হামলা চালানোর পাঁয়তারা করছিল তারা।
এ বষিয়ে জানতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এছাড়া হোয়াইটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।












