সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পাহাড়ি জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বন্যার কারণে রাঙামাটির সাজেক ভ্যালি (উপত্যকা) পর্যটন ও বিনোদনকেন্দ্র ৮ দিন বন্ধ থাকার পর খুলেছে।

গতকাল বুধবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক গণবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাইয়ের জরুরি গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময় সময়ে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে পর্যটকদের নিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন ও বিনোদনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু সাজেক ভ্যালিতে সোমবার ও মঙ্গলবার সকালে যে সকল পর্যটক ভ্রমণে যান তারাই মূলত টানা বর্ষণে সাজেক সড়কের দুটি অংশে সড়ক তলিয়ে যাওয়ার ফলে আটকা পড়েন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির ২৬৯তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধমাল্টিপ্লাগের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু