সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এমপি এরশাদ উল্লাহ। বোয়ালখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এরশাদ উল্লাহ এমপি বলেছেন, দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে গোয়েন্দা বাহিনীর তৎপরতা বৃদ্ধি, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং জনসচেতনতা গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এর সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক। এসব অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। অনলাইন জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনগত ব্যবস্থাও জোরদার করা হবে বলে জানানো হয়। সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির মূখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, নবগঠিত আইন–শৃঙ্খলা কমিটির সদস্য আজিজুল হক, চেয়ারম্যান মোস্তাক আহমেদ খান, মোঃ শওকত আলম শওকত। প্রেস বিজ্ঞপ্তি।














