মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে একটি দেশের ভাণ্ডার থেকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে সফল হয়েছেন, তবে দেশটি ইরান নয়। শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের সুবাদে ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে সাড়ে ১৩ কেজি (প্রায় ৩০ পাউন্ড) ইউরেনিয়াম সরিয়ে নেওয়া গেছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানকে মার্কিন জ্বালানি মন্ত্রণালয় আমেরিকা, ভেনেজুয়েলা ও সমগ্র বিশ্বের বিজয় আখ্যা দিয়েছে বলে জানিয়েছে গার্ডিয়ান। ভেনেজুয়েলা থেকে সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়ার মাধ্যমে ভেনেজুয়েলা যে আগের চেয়ে ভালো ও নতুন রূপ পেয়েছ্তেবিশ্বকে তার আরেকটি সঙ্কেত দেওয়া হল, বলেছেন মার্কিন মন্ত্রণালয়টির ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্র্যান্ডন উইলিয়ামস।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, জটিল ও সংবেদনশীল এক অভিযানের পর ইউরেনিয়াম নিরাপদ ও সুরক্ষিতভাবে স্থল ও সমুদ্রপথ দিয়ে দক্ষিণ থেকে উত্তর আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ১৫ কিলোমিটার দূরের একটি স্থাপনা থেকে সরিয়ে ওই ইউরেনিয়াম সাউথ ক্যারোলাইনায় মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের একটি স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনারা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার দেশ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর থেকে কারাকাসের বৈরি প্রশাসনের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরুর চেষ্টা করছে হোয়াইট হাউস।
ট্রাম্প মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার নেতা হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রের দাবি না মানলে তার পরিণতি পূর্বসূরীর চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন। তার চাপে কারাকাস মার্কিন জ্বালানি ও খনি কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলাকে উন্মুক্ত করে দেয়। এরপর সিআইএ–র পরিচালক জন র্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের একের পর এক কর্মকর্তা ভেনেজুয়েলা সফর করেছেন। গত মাসে মার্কিন একটি বাণিজ্যিক ফ্লাইট ৭ বছরের মধ্যে প্রথম দক্ষিণ আমেরিকার দেশটিতে নেমেছে। যুক্তরাষ্ট্র সমপ্রতি দেশটিতে দূতাবাসও খুলেছে।
ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের রিজার্ভ থাকায় মার্কিন ব্যবসায়ীরা ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপে ব্যাপক খুশি হলেও, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে একপাশে ঠেলে দিয়ে ডেলসি রদ্রিগেজকে দেশটির ক্ষমতায় রাখায় ভেনেজুয়েলার প্রবাসী গণতন্ত্রপন্থিরা খুব একটা সন্তুষ্ট নন। ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প যেসব লক্ষ্য হাসিলের কথা বলেছিলেন, তার একটি ছিল ইরানকে তার ৪০৮ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে বাধ্য করা। আড়াই মাস পেরিয়ে গেছে, ট্রাম্প এখনও সেই উদ্দেশ্য পূরণ করতে পারেননি।














