বোতাম টিপলেই ঘটবে মহাপ্রলয়। ভারত তাদের পারমাণবিক অস্ত্র নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে সমুদ্রে ও মাটির নিচে ১২টি পারমাণবিক ওয়ারহেড সক্রিয়ভাবে মোতায়েন করেছে। অর্থাৎ, অস্ত্রগুলো এখন হামলার জন্য একেবারে প্রস্তুত রেখে ভারত রেডি টু ফায়ার অবস্থান নিয়েছে। খবর বিডিনিউজের।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) তাদের সর্বসামপ্রতিক প্রতিবেদনে প্রকাশ করেছে এমন তথ্যই। অস্ত্র ও সামরিক খাতের বৈশ্বিক নজরদারি সংস্থা সিপরি সোমবার তাদের প্রতিবেদনে বলেছে, গত কয়েক দশক ধরে নয়াদিল্লির ঘোষিত নীতি ছিল শান্তিপূর্ণ সময়ে পারমাণবিক ওয়ারহেড এবং ডেলিভারি সিস্টেম, অর্থাৎ, ওয়ারহেডগুলো লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জায়গায় মজুত রাখা।
কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে ভারত এখন ১২টি পারমাণবিক অস্ত্র আর মজুদ রাখা নয় বরং সেগুলোকে সক্রিয় মোতায়েন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ, এই ওয়ারহেডগুলোকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি অথবা অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিনের ক্ষেপণাস্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত করে একেবারে হামলার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনে অল্প কিছু পারমাণবিক ওয়ারহেড মোতায়েন এবং সমুদ্রে নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি গত এক বছরে ভারতের পারমাণবিক অস্ত্রের মজুতও কিছুটা বেড়েছে।












