একই চন্দ্র সূর্য আমাদের গগনে
একই জোছনা রোদ অন্ধকার লগনে
একই বাতাসে কাটে দিবস রজনী
কেন তবে বিভেদ বন্ধু ও সজনী !
একই বর্ষা খরা সুখে দুঃখে সবে আছি
কেন তবে থাকিনা মন নিয়ে কাছাকাছি।
বিলায় বিদ্বেষ কারা মনের ওপার থেকে
কানে দেয় কথা বিষ আঁধারে পিছনে ডেকে
মানবতার শিশু টা আনমনে করে খেলা
কোথা দিয়ে বয়ে যায় সুখের কালবেলা
নিশিথ যামিনী আসে ঘন অন্ধকারে
ভুলে যাই মন পাশে চাই যে পেতে কারে।
মসজিদ মন্দির গীর্জায় প্যাগোডায়
একই উৎস থেকে প্রাণবায়ু বয়ে যায়
তাহলে পারি না কেন মনের জানালা খুলে
যতো না বিভেদ আর বিদ্বেষ জ্বালা ভুলে
মিলনে আলিঙ্গনে ভুলে যেতে অভিমান
গেয়ে যেতে একি সুরে সমপ্রীতির জয়গান !














