সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজাদী সম্পাদক

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত ৯ অক্টোবর বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদ ও বিজয়’৭১ এর উদ্যোগে বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও শারদ আগমনী উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। লায়ন আর কে রুবেল ও শম্পা চৌধুরী আবাহন গীতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যাপক ড. মোহীত উল আলম অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্বে ড. মোহীত উল আলম বলেন, শরৎ মানে আলোচিত ঋতুর সূচনা। শারদে অন্ধকার দূর করে আলোর মাঝে সত্য ও মানবতাকে প্রতিষ্ঠিত করতে দেবী দুর্গার আবাহন হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, ধর্ম–বর্ণ–নির্বিশেষে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। আমরা প্রত্যেকে শুভ চিন্তা আর ভালো কিছু করার অঙ্গীকার নিয়ে প্রতিদিন কর্মময় জীবন করলে সামগ্রিকভাবে সমাজ নেতিবাচক চিন্তা–চেতনা মুক্ত হবে। প্রধান আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধ গবেষক ও বিজয়’৭১ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, দেবী দুর্গার আগমন আমাদের মনে শক্তি ও প্রেরণা যোগায়। অসুরের বিরুদ্ধে দেবীর জয় মানে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও ন্যায়ের জয়। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুর রহমান। এরপর লায়ন ডা. আর কে রুবেল ও খালেদা আক্তার চৌধুরীর যৌথ সঞ্চালনায় নটরাজ সংগীত একাডেমির ‘মহিষাসুর মর্দিনী’ গীতি আলেখ্যের মাধ্যমে অনুষ্ঠানের ২য় পর্ব অনুষ্ঠিত হয়। ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। তিনি বলেন, সকল ধর্মের বর্ণের মানুষের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ও মানচিত্রকে রক্ষা করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় অগ্রসর হতে হবে। বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, ইলিয়াছ রিপন, লায়ন তপন কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাড. নিলু কান্তি দাশ নীলমনি। সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত ছিলেন অনন্যা সংগীত নিকেতনের পরিচালক রূপশ্রী দাশ, নটরাজ সংগীত একাডেমির পরিচালক সুমন তালুকদার, বাঁশখালী শিল্পকলা একাডেমির নৃত্য পরিচালক শিউলী মজুমদার, রিটন কান্তি দাশ, বেবী দাশ নূপুর, উর্মি মজুমদার, নিলুফা আক্তার, রনি চৌধুরী, সোমা মুৎসুদ্দী, জগলুর পাশা, পরিতোষ দাশ, নয়ন দে প্রমুখ। শেষে সবার সর্বসম্মতিক্রমে বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে সজল কান্তি চৌধুরী আহ্বায়ক, লায়ন ডা. আর কে দাশ রুবেল সদস্য সচিব, রিটন কান্তি দাশকে সাংগঠনিক সচিব এবং উর্মি মজুমদারকে অর্থ সচিব করে ৩১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষাসৈনিক বদিউল আলম ছিলেন সৎ, সাহসী ও অসাধারণ জ্ঞানের অধিকারী
পরবর্তী নিবন্ধকল্পলোক আবাসিক এলাকায় খেলার মাঠ ও পার্ক সংস্কার কাজ উদ্বোধন