সওজের গাইড ওয়াল কেটে সেতু নির্মাণ, জরিমানা

বোয়ালখালীতে দুবাই প্রবাসীর অর্ধকোটি টাকার প্রকল্প

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলায় হাওলা ডিসি সড়কের সওজের গাইড ওয়াল কেটে সেতু নির্মাণের অপরাধে দুবাই প্রবাসী মো. জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। সরেজমিনে দেখা যায়, অলি বেকারি সংলগ্ন এলাকায় ছন্দারিয়া খালের ভাঙন রোধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যে কংক্রিটের গাইড ওয়াল নির্মাণ করেছিল, সেই দেয়ালের একাধিক স্থানে প্রায় দুই ফুট গভীর করে খাঁজ কেটে লোহার সেতু নির্মাণের জন্য বিম বসানো হয়েছে। বিমগুলো খালের এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুফতি পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে এবং দুবাই প্রবাসী মো. জাহাঙ্গীর আলম প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করছেন। অলি বেকারি মোড় থেকে জোট পুকুরপাড় পর্যন্ত তার নিজস্ব কৃষি জমিতে আবাসিক প্লট বা বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই জমিতে যানবাহন চলাচলের সুবিধার জন্যই খালের ওপর এই সেতু তৈরি করা হচ্ছে। এ ব্যাপারে মো. জাহাঙ্গীর আলম গাইড ওয়াল কাটার কথা সরাসরি স্বীকার করে বলেন, সওজ, পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা, এসিল্যান্ড, ইউএনও এবং চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসকের কাছ থেকে মৌখিক বা লিখিত অনুমতি নিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, এই নির্মাণের জন্য সওজের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও বলেন, অবৈধ এই নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, সড়কের নিরাপত্তা বেষ্টনীর ক্ষতিসাধনের অপরাধে মহাসড়ক আইন, ২০২১এর ৯(১৭) ধারা মোতাবেক জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে সড়কের নিরাপত্তা অবকাঠামো রক্ষা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনার্সিং ও প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়তে কসোভোর সাথে কাজ করতে চান মেয়র
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে পিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন