সংগীতজীবনের ৩৩ বছরের পথচলা উদযাপন করতে দেশের বাইরে এক কনসার্টে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। আগামী ২৮ জুন সুইডেনের স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট। কনসার্টের নাম ‘সেলিব্রেটিং থার্টি–থ্রি ইয়ার্স অব বালাম’স মিউজিক্যাল জার্নি : লাইভ ইন স্টকহোম’। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বালাম জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে তার দীর্ঘ সংগীতজীবনের অর্জন ও দর্শকপ্রিয়তাকে উদযাপন করা হবে। অনুষ্ঠানে বালাম তার শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। ইউরোপ সফরের অংশ হিসেবে সুইডেনে আসার আগে এই শিল্পী ইতালির রোম ও ভেনিসের এক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন।
সংগীতজীবনের এই উদযাপন ঘিরে বালাম বলেন, সুইডেনে এবারই প্রথম যাচ্ছি। প্রবাসী বাংলা গানের শ্রোতাদের সঙ্গে দেখা হবে, তাদের জন্য গান গাইতে পারব এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।
বর্তমানে নতুন কয়েকটি গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। গেল কয়েক বছরে ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। এছাড়া চলতি বছরের শুরুতে এক যুগ পর ‘মাওলা’ শিরোনামে নতুন অ্যালবাম নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন তিনি। ঈদ ঘিরে প্রচারে এসেছে তার ‘মাওলা’ শিরোনামের গান। ছয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এটি তার পঞ্চম অ্যালবাম।
বালাম এর আগে ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) ও ‘ভুবন’ (২০১৩) নামে চারটি অ্যালবাম প্রকাশ করেছিলেন। এসব অ্যালবামের বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়। যার মধ্যে আছে ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’, ‘অপরূপা’।











