নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুর রহীম (৫০)। গতকাল শনিবার দুপুর ১টার ১৫ মিনিটের দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর আজাদীকে জানান, নিহত ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অসীম ধর আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার একটি পরিচয় পত্র পাওয়া গেছে। তাতে শুধুমাত্র তার নাম লেখা আছে আবদুর রহীম। বয়স ৫০ এর মতো হবে। তার অন্য কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। মনে হয় উনি রোহিঙ্গা। এখানে আশেপাশে হয়তো কাজ–কর্ম করে থাকে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।











