শ্রীলংকাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশের ১৩তম আন্তর্জাতিক ভেন্যু রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। এই ভেন্যুর যাত্রা শুরুর দিনে বাংলাদেশ নারী ক্রিকেট দলও শুভযাত্রা করেছে। শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছে তারা। বাংলাদেশ ও শ্রীলংকা নারী ক্রিকেট দলের ম্যাচ দিয়ে গতকাল সোমবার রাজশাহীতে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা শ্রীলংকা ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করেন। জবাবে বাংলাদেশ ৪৮.৩ ওভারে ৭ উইকেটে ২০৬ রান তুলে নেন। ওয়ানডেতে এই প্রথম লংকানদের হারাল টাইগ্রেসরা। এর আগে চার ম্যাচের মধ্যে ৩টিতেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। গতকালের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু। ১৪ ওভারে ৬৮ রানের সূচনা করেন সফরকারীদের দুই ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। অধিনায়ক পেরেরা ২৭ রানে থামলেও, হাফসেঞ্চুরি তুলে নেন দুলানি। ৭২ রানে ২ উইকেট পতনের পর আবারও হাফসেঞ্চুরির জুটি গড়ে শ্রীলংকা। তৃতীয় উইকেটে হানসিমা করুনারত্নের সাথে ৫২ রান যোগ করেন দুলানি। দুলানি ৫২ ও করুনারত্নে ৫৪ রানে থামেন। ৩৭ ওভারে ৩ উইকেটে ১৬০ রান তুলে ভালো অবস্থায় ছিল শ্রীলংকা। কিন্তু বাংলাদেশের বোলারদের দারুণ নৈপুণ্যে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি লংকানরা। ৩৬ রানে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার রিতু মনি। এছাড়া নাহিদা আক্তার ২টি, মারুফা আক্তারসুলতানা খাতুনরাবেয়া খান ও সোবহানা মোস্তারি ১টি করে উইকেট নেন। জবাবে ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় বাংলাদেশ। জুরাইরিয়া ফেরদৌস ৫ ও শারমিন সুলতানা শূন্য হাতে ফিরে যান। চার নম্বরে অধিনায়ক নিগার সুলতানা ১৩ রানে থামলে বাংলাদেশের বিপদ আরো বাড়ে। ৩৪ রানে ৩ উইকেট পতন হয় স্বাগতিকদের।

এরপর চতুর্থ উইকেটে সোবহানার সাথে ৮৭ এবং পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন শারমিন আক্তার। ৩ উইকেটে ১৯৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু এরপর ১১ বল ও ১ রানের ব্যবধানে ৪ উইকেট পতনে ৭ উইকেটে ২০০ রানে পরিণত হয় বাংলাদেশ। তবে অষ্টম উইকেটে ৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন নাহিদা ও সুলতানা খাতুন। নাহিদা ৩ ও সুলতানা ১ রানে অপরাজিত থাকেন। ১৩টি চারে ১২৭ বলে ৮৬ রানের ইনিংসে বাংলাদেশের জয়ের নায়ক শারমিন। সোবহানা ৪১ রানে আহত অবসর ও স্বর্ণা ৪১ রান করেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান শারমিন। একই ভেন্যুতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি নির্বাচন কবে জানালেন তামিম
পরবর্তী নিবন্ধনাহিদ রানার কাছে সব উইকেটই স্পেশাল