শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় মানবিক সহায়তার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ইউনাইটেড ইন কম্পাশেন : স্ট্যান্ডিং বিসাইড লিটল লাইভস শীর্ষক একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস। এ উদ্যোগের আওতায় হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রায় ৩ লাখ টাকা মূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ২৫ অক্টোবর হাসপাতালের শিশু বিভাগের প্রফেসর ডা. শাহাদাত হোসেন মেমোরিয়াল হলে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫–এর ২০২৬–২৭ সালের চেয়ারম্যান শিরিন আক্তার চৌধুরী। অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের প্রেসিডেন্ট ডা সেলিনা হক। শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মুসা মিয়ার নিকট ৮টি সিরিঞ্জ পাম্প, ৪টি কাফ সাকার মেশিন, ৩টি ২০ শতাংশ অ্যালবুমিন ইনজেকশন এবং ২০টি প্লাজমাসল স্যালাইন হস্তান্তর করেন। পাশাপাশি জরুরি ওষুধ কেনার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এসব চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ শিশুদের নিবিড় পরিচর্যা এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে।
ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫ এর ২২টি ক্লাব যৌথভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ক্লাবগুলোর হল আগ্রাবাদ, অনন্যা, চিটাগং, কুমিল্লা, ঢাকা, ঢাকা বুড়িগঙ্গা, ঢাকা মেট্রো, ঢাকা নর্থ, ঢাকা ওল্ড টাউন, ঢাকা প্যারাডাইস, দিলকুশা, ফেনী সেন্ট্রাল, ফ্লোরাল কুমিল্লা, গ্রিন হিলস চিটাগং, কর্ণফুলী, কিশোরগঞ্জ, কৃষ্ণচূড়া, লুসাই হিলস, ওপেলিয়া রোজ ঢাকা, রাজধানী ঢাকা, সি কুইন ও জেনিথ চট্টগ্রাম।
শিশুদের সংকটাপন্ন অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং ডেঙ্গু ও হামের মতো রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রেস বিজ্ঞপ্তি।












