সীতাকুণ্ডে সাগর পাড়ে অবস্থিত জাহাজ ভাঙা শিল্প মালিকদের জান–মালের নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের বরাবরে লিখিত আবেদন করেছে বাংলাদেশ শিপব্রেকার্স এন্ড শিপ রি–সাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ)। গতকাল সোমবার বিএসবিআরএ’র ভারপ্রাপ্ত সচিব মো. নাজমুল ইসলাম কর্তৃক প্রেরিত আবেদনে উল্লেখ করা হয়, বিএসবিআরএ’র সদস্যগণ বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কিন্তু গত শনিবার সন্ধ্যায় এই সংগঠনের সদস্য বিওবি রিসাইক্লার্স এর ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুন নবী মানিক ইয়ার্ড থেকে ফেরার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ দ্বারা অবরুদ্ধ হন। উক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র তার গতিরোধ করে মোটা অংকের চাঁদা দাবি করে ভয়ভীতি প্রদর্শন করে।
শিপব্রেকিং এসোসিয়েশন মনে করে এ ধরণের প্রকাশ্যে চাঁদাবাজি সামগ্রিক ব্যবসার পরিবেশকে হুমকি ও চ্যালেঞ্জর মুখে ফেলবে। তাই ব্যবসার পরিবেশ নিরাপদ ও ব্যবসায়ীদের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করে এ ধরণের ঘটনা যেন পুনরায় না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে চট্টগ্রাম পুলিশ সুপারের নিকট আবেদন জানানো হয়।












