বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার আয়োজিত মানববন্ধনে বক্তারা শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে ৬% বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া শিক্ষাখাতে বাণিজ্যিকীকরণ ও বৈষম্য বন্ধ, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষকের পদ সৃষ্টি, নিয়োগ, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসামপ্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়নের দাবি করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শুভ দেব নাথ। বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শুভ দেব নাথ এবং সাধারণ সম্পাদক এস এম নাবিল বলেন, দেশের মোট বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ অনেক দিন ধরে কম। একটি ভালো, দক্ষ এবং মানবিক জাতি গঠনের জন্য, শিক্ষার জন্য জিডিপির অন্তত ৬% এবং জাতীয় বাজেটের অন্তত ২০% বরাদ্দ নিশ্চিত করতে হবে। তারা শিক্ষার ক্রমবর্ধমান খরচ কমানো, সকল স্তরে ভালো মানের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা এবং স্কুল ও কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করতে হবে। বক্তারা আরও বলেন, শিশুদের ওপর অপ্রয়োজনীয় প্রতিযোগিতামূলক চাপ সৃষ্টি করে এমন ভর্তি পরীক্ষা বাতিল করতে হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে বৈষম্য ও সামপ্রদায়িকতার প্রভাবমুক্ত রেখে বিজ্ঞানমনস্ক, মানবিক ও গণমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












