শঙ্খে নিখোঁজ শিশুটির লাশ চার দিন পর উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

বান্দরবানে নিখোঁজের ৪ দিন পর শঙ্খ নদীতে হাত ধুতে নেমে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. আরেফিন (১১)। গতকাল বুধবার বেলা ১১টায় নদী থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশটি উদ্ধার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত ২০ জুন বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষে হাতমুখ ধোয়ার জন্য শঙ্খ নদীতে নামে শিশু আরেফিন। এসময় পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তল্লাশি করেও পায়নি। পরে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। চলমান উদ্ধার তৎপরতায় নিখোঁজের ৪ দিন পর ঘটনাস্থল থেকে একটু দূরে সাঙ্গু নদীতে লাশটি ভাসমান পাওয়া যায়। নিহত আরেফিন বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে তল্লাশিতে বেগ পেতে হয়। চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল এনে উদ্ধার তৎপরতা চালানোর পর শিশুটির লাশ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা-ই-শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারীর কারবালা মাহফিল
পরবর্তী নিবন্ধচান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ