লোহাগাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ। জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির প্রমাণ পাওয়ায় বিসিআইসি সার ডিলার মেসার্স ফেরদৌস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সোহেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ জানান, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











