লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৪৫) নামে এক কৃষক গুরতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দিনগত রাতে আধুনগর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের কুলপাগলী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুইশ্যাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুস ছালাম একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র। স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ঘটনার দিন কৃষক আবদুস ছালামের একটি গরু হারিয়ে যায়। গভীর রাত পর্যন্ত আশপাশের এলাকায় গরুটি খোঁজাখুজি করছিল। এ সময় ঘটনাস্থলে একটি বন্যহাতির আক্রমণে শিকার হন তিনি। এতে সে গুরতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বন্যহাতিটি ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন জানান, বন্যহাতির আক্রমণে আহত এক কৃষককে হাসপাতালে নিয়ে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।












