চট্টগ্রামের কর্ণফুলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক আল আমিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকার মুখে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। আটক ব্যক্তিরা হলেন, মো. আল আমিন (২৩), মো. দুলু রহমান (২৪), মো. হাসান (২৭), মো. ফয়সাল আহাম্মদ (২০) এবং জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার এএসআই মিজানুর রহমান বলেন, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আল আমিনসহ কয়েকজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৮৮ ধারায় মামলা করা হয়েছে। ওসি মো. শাহীনূর আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮–এর ৮৮ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।











