লোহাগাড়ায় বনের জায়গা থেকে মাটি কাটায় অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। এসময় একটি এক্সকেভেটর ও একটি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদুল রহমান ভুঁইয়া। তিনি জানান, বনবিভাগের জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি এক্সেভেটর ও ১টি ডাম্পট্রাক জব্দ করে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় মাটি কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











