চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাভিত্তিক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের (সিইউইসি) উদ্বোধন এবং ‘পাথওয়ে টু রিসার্চ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক অনুষ্ঠান গত ২৪ জুন মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বলা হয়, ক্লাবের লক্ষ্য গবেষণা ও দক্ষতা উন্নয়ন।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা ও বক্তব্য প্রদান করেন উপ–উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী। প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন বলেন, শিক্ষকের মূল কাজ হলো শিক্ষার্থীদের ভেতর জ্ঞান অন্বেষণের অনুপ্রেরণা বা তৃষ্ণা তৈরি করা। এখন আপনাদের সামনে চ্যাটজিপিটি, ইন্টারনেট ও প্রযুক্তির বিশাল দুনিয়া খোলা আছে। এই ক্লাবগুলোর মূল কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের ক্যারিয়ার ও রেজাল্ট ভালো করার জন্য একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা।
প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, এডুকেশন ক্লাব বেশি বেশি থাকা দরকার বিশ্ববিদ্যালয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার প্রতি আগ্রহী হবে। আমাদের শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তারা নিজ উদ্যোগে দক্ষ হয়ে উঠছে। এটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খুবই কাজে দেবে। সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক প্রফেসর ড. উদিতি দাশ। কি–নোট স্পিকার ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। আমন্ত্রিত বক্তা ছিলেন আইইআরের সহকারী অধ্যাপক তাসনিয়া রুবায়েত ও প্রভাষক সায়েদা ফারেহা লাহারেন। বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ–শিক্ষা কার্যক্রম এবং গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ঋতু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক ফারহান বিন আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তানভীর কায়েস লিওন। প্রেস বিজ্ঞপ্তি।












