চীনের সাংহাইতে চলমান ‘আর্চারি বিশ্বকাপ ২০২৬, স্টেজ–২’ এর তৃতীয় দিনে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে পরের রাউন্ডে (১/১৬) উঠেছেন বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ও আব্দুর রহমান আলিফ।
অন্যদিকে, রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ভারতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত শক্তিশালী কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ একক ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের ১/২৪ খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন রামকৃষ্ণ সাহা। চাইনিজ তাইপের ‘চুন–হেং উইয়ে’–এর বিপক্ষে প্রথম পর্যায়ে ৫–৫ সেটে ড্র হয়। পরে বিজয়ী নির্ধারণে শুট–অফের (একটি করে তীর ছোড়া) আশ্রয় নেওয়া হয়।
সেখানে রামকৃষ্ণের তীর আঘাত হানে ১০ পয়েন্টের ঘরে, আর প্রতিপক্ষ পান ৯ পয়েন্ট। এই জয়ে তিনি ১/১৬ খেলায় উন্নীত হয়েছেন। একই রাউন্ডে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৬–০ সেটে বেলজিয়ামের ‘ওয়াউট ভ্যাট ডুন’–কে সরাসরি উড়িয়ে দিয়ে ১/১৬ রাউন্ড নিশ্চিত করেন। তবে ভাগ্য সহায় হয়নি মো. মিশাদ প্রধানের। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ। ১/১২ রাউন্ডে বাই পেয়ে সরাসরি ১/৮ রাউন্ডে ওঠে তারা। সেখানে শক্তিশালী ভারতকে ৬–২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ দল। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী কোরিয়ার কাছে ২–৬ সেটে হার মানতে হয় তাদের। টুর্নামেন্টের অন্যান্য ইভেন্টে অবশ্য বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি।














