বাংলা গানের শ্রোতাদের জন্য নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রেহান রাসুল ও অস্ট্রেলিয়াপ্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। ‘দূরত্ব’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল। সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। স্বতন্ত্র গায়কী, নিজস্ব সুর ও কথার জন্য এরই মধ্যে সংগীতাঙ্গনে পরিচিত রেহান রাসুল। ২০১৮ সালে ‘বাজে স্বভাব’ গানটি দিয়ে শ্রোতাদের নজর কাড়েন তিনি। এরপর একে একে প্রকাশ করেছেন ‘রূপকথা’, ‘অচেনা শহর’, ‘অন্যরকম খুন’, ‘হাই’সহ বেশ কয়েকটি মৌলিক গান। চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র গায়কীর পরিচয় দিয়েছেন রেহান। আলোচিত চলচ্চিত্র ‘তুফান’র ‘আসবে আমার দিন’ গানটি তার কণ্ঠে জনপ্রিয়তা পায়। শাকিব খানের লিপসিঙ্কে গানটি পর্দায় উঠে আসে। এ বছর তার গাওয়া ‘মায়াপাখি’ নাটকের ‘মায়াপাখি’ গানটিও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে রাপ্তি সারওয়াত পেশায় একজন চিকিৎসক। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সাধারণ চিকিৎসক হিসেবে কর্মরত তিনি। রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের ফেলোও রাপ্তি। তবে পেশার পাশাপাশি সংগীতের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের।











